আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নের জন্য দলের কোনও নেতাকর্মীকে ‘গ্রিন সিগনাল’ বা সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি মনোনয়ন দেয় নিজস্ব গঠনতান্ত্রিক প্রক্রিয়ায়।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘একটি মহল বিএনপির মনোনয়নের নামে মিথ্যা তথ্যে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। উস্কে দিচ্ছে অসন্তোষ ও বিশৃঙ্খলা।’
আসন্ন নির্বাচনের জন্য বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, ‘উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে।’
কোনও নির্বাচনী এলাকাতেই কোনও নেতা-কর্মীকে গ্রিন সিগনাল দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার গঠনতান্ত্রিক প্রক্রিয়ায়, কোনও সবুজ সংকেতের মাধ্যমে নয়। এখানে পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।’
গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনে একটি মহল চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর।


