বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে বাস শ্রমিকদের ধর্মঘট।
ধর্মঘটের কারণে মঙ্গলবার বাসস্যান্ড এলাকায় অলস বসে থাকতে দেখা যায় পরিবহন শ্রমিকদের। বাস কাউন্টারগুলো খোলা থাকলেও কর্মী না থাকায় যেন স্থবির হয়ে পড়ে এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর-ঢাকা-চট্টগ্রাম রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। তবে বিকালে বাস মালিক পক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার কথা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, সোমবার পর্যন্ত মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি অনিশ্চিত ছিল। শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় ঢাকার গাবতলীতে মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার শ্রমিক নেতাদের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার মাধ্যমে ভালো সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসি পরিবহনসহ কয়েকটি পরিবহন কোম্পানির শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে।


