ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও বিশেষ ফ্লাইটে দেশে আনা হচ্ছে।
বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এদিন এই এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইট ক্রুরা যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর গত শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন। প্রায় পাঁচ দিন তারা অনিশ্চয়তার মধ্যে সময় পার করেন।
কামরুল ইসলাম জানান, এই যুদ্ধ পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উদ্যোগ নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনেন। এতে ক্রুদের পরিবারের সদস্যদের উদ্বেগও অনেকটাই কমেছে।
এ ছাড়া দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যার প্রথম বিশেষ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করেছে।
পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিশেষ এই ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হচ্ছে।


