মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সৌদি আরবের দাম্মাম থেকে আগত গালফ এয়ারের একটি ফ্লাইটে মরদেহটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মরদেহ নেওয়ার পর প্রবাসী কল্যাণমন্ত্রী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, ‘নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা ও বিমার ১০ লাখ টাকা দেওয়া হবে।’
মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বিতভাবে নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে মরদেহ দেশে আনার প্রক্রিয়া দ্রুত করছে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘এ পর্যন্ত তিনজন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।’
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভিসার মেয়াদ বাড়ানো এবং গ্রিসের ক্যাম্পে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা।


