মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের পরিবারে। বিশেষ করে চট্টগ্রামের প্রবাসী অধ্যুষিত উপজেলা সন্দ্বীপ, মীরসরাই, সীতাকুণ্ড, রাউজান ও বাঁশখালীর বহু পরিবারের মানুষ এখন অনিশ্চয়তায় দিন পার করছেন।
এই অঞ্চলগুলোর অসংখ্য মানুষ বছরের পর বছর ধরে কাজ করছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন-এ। নির্মাণশিল্প, জাহাজ কারখানা, তেল-গ্যাস খাত ও সেবামূলক পেশায় নিয়োজিত এসব প্রবাসীরাই পরিবারের প্রধান উপার্জনকারী।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার খবরে দেশে থাকা পরিবারগুলোর দুশ্চিন্তা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
সন্দ্বীপের বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, তার পরিবারের তিন সদস্য সৌদি আরবে কর্মরত। তিনি বলেন, ‘প্রতিদিন খবর দেখি আর আতঙ্কে থাকি। কিছু যেন না হয়, তাই দোয়া করি’।
মিরসরাইয়ের ছোটকমলদহ এলাকার গৃহিণী লিপি আক্তারের স্বামী জয়নাল আবেদীন ওমানে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন।
তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছি না। টেলিভিশনে যুদ্ধের খবর দেখলেই বুক ধড়ফড় করে। আল্লাহর কাছে শুধু দোয়া করি, সবাই যেন নিরাপদ থাকে।’
সীতাকুণ্ডের ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা জামান উল্লাহ কুয়েতে চালক হিসেবে কর্মরত।
তার বড় ছেলে আফরান হাসান রোহান বলেন, ‘আমরা জানতে পেরেছি ওখানে এখনো বড় কোনো সমস্যা হয়নি। কিন্তু পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তাহলে কী হবে ভেবে পাচ্ছি না।’
পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জরুরি কল সেন্টার চালু করেছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক সমস্যায় পড়লে বা নিরাপত্তা ঝুঁকিতে থাকলে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এই নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


