দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, প্রতিবছরের মতো এবারও অষ্টমীর দিন রাজধানীসহ দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই দিন সোনা কেনাবেচা পুরোপুরি বন্ধ থাকবে।
এর আগে, গত শনিবার বাজুস নতুন করে সোনার দাম নির্ধারণ করে। ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।
এ ছাড়া, ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা দরে।
বিশ্ববাজারে সোনার দামে ওঠানামার প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ২৩ সেপ্টেম্বর ভরি প্রতি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় উঠে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। পরে দাম কিছুটা কমলেও বাজারে তা এখনো চড়া অবস্থায় রয়েছে।


