জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত চারটি ফোনের তথ্যসহ প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
সোমবার ট্রাইব্যুনালে এই তথ্য জানিয়েছেন বিশেষ এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘৫ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার চারটি ফোন নম্বরের প্রায় এক হাজার কল রেকর্ড ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সার্ভার থেকে মুছে ফেলা হয়েছিল। তবে ওই ডেটা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক পরিকল্পনামন্ত্রীর ফোন কল রেকর্ডও মুছে ফেলা হয় বলে জানান তানভীর জোহা।
এই মুছে ফেলার কাজটি এনটিএমসির তৎকালীর পরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তি করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানান এই কর্মকর্তা।
ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তারা শেখ হাসিনার কয়েকটি ফোনের কল রেকর্ড পুনরুদ্ধার করেছেন, যেখানে তাকে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিতে শোনা যায়।


