খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে বলে জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
তিনি বলেন, ‘খাগড়াছড়ি ও গুইমারায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে বিজিবি বেসামরিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। উদ্ভুত পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, এজন্য ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ‘
সোমবার বিকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মো. আব্দুল মোত্তাকিম বলেন, ‘দ্রুত পদক্ষেপ নেওয়ায় কেউ বড় ধরনের নাশকতার সুযোগ পায়নি। সেনাবাহিনী, অন্যান্য বাহিনী ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
পাহাড়ি-বাঙালিদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতাও কামনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিবির কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি ও আশপাশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ প্রত্যাহার করা হলেও ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।’
এ ছাড়া তিনি আরও বলেন, সীমান্তে কঠোর নজরদারি চালানো হচ্ছে যাতে ওপাশ থেকে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে। পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারি পরিচালক মো. হাসানুজ্জামান ও ইউছুপ আলী উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার রাতে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-সহিংসতাকে কেন্দ্র করে রোববার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন নিখোঁজ এবং বহু ঘরবাড়ি ও সম্পত্তি পুড়িয়ে দেওয়ার দাবি করে জুম্ম ছাত্র-জনতা।
সোমবার জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধিদল নির্দিষ্ট আট দফা নিয়ে খাগড়াছড়ি সিভিল প্রশাসনের সঙ্গে আলোচনায় এ দাবি করে সংগঠনটি।


