ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সচিব জানান, নির্বাচনী মাঠে কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটিকে জানাতে হবে।
তিনি বলেন, নির্বাচনে সমান সুযোগ আছে বলেই প্রার্থীরা অভিযোগ করতে পারছেন। তবে সব অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনে না এনে স্থানীয় তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। সচিব জানান, প্রতিটি আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচার কমিটি কাজ করছে। রিটার্নিং অফিসার বা কমিটির কাছে অভিযোগ দিয়ে তার একটি অনুলিপি কমিশনকে দিলে তারা বিষয়টি ফলোআপ করবেন।
নির্বাচনী প্রচারের পরিস্থিতি নিয়ে সচিব বলেন, ঢাকা শহরের সব রাস্তা ঘুরে দেখা কমিশনের পক্ষে সম্ভব নয়। তাই সাংবাদিক ও সংশ্লিষ্টদের তথ্যের ওপর তারা নির্ভর করছেন। কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটি ব্যবস্থা নেবে। ইতিমধ্যে ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনে অবৈধ পোস্টার সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রোববার বিদেশি কূটনীতিকদের নির্বাচন বিষয়ে ব্রিফিং করেছে ইসি। সচিব আখতার আহমেদ জানান, সেখানে ৪১ জন রাষ্ট্রদূত ও মিশন প্রধান উপস্থিত ছিলেন। কূটনীতিকরা মূলত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ও ফল প্রকাশের সময় নিয়ে জানতে চেয়েছেন।
সচিব জানান, এবার পুলিশ বাহিনীর সদস্যদের কাছে ২৫ থেকে ৩০ হাজার বডি ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
ভোটের ফলাফল বিষয়ে সচিব বলেন, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করতে সাধারণত ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে। তবে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা দেরি হতে পারে। প্রবাসীদের ব্যালট পেপার ভিন্ন হওয়ায় এবং সেগুলো স্ক্যান করতে হওয়ায় এই বাড়তি সময় লাগবে।


