চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণের দিন অর্থাৎ বুধবারই ফল ঘোষণার দাবি জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, প্রশাসন চাইলে নির্বাচনের দিনই ফলাফল ঘোষণা সম্ভব।
রনি বলেন, ‘আমরা ভোটগ্রহণের দিনই ফলাফল প্রকাশের দাবি জানাই। এখানে যেন ভোট গণনার প্রহসনের শিকার না হই। ভোটগ্রহণের পর ৬-৭ ঘণ্টা অর্থাৎ রাত ১২টার মধ্যে ফল ঘোষণা সম্ভব।’
নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম যেন একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা বলতে চাই, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা নেবেন, কিন্তু কুইক রেসপন্স টিম যেন প্রস্তুত থাকে। নির্বাচন কমিশনের উচিত অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া প্রবেশ নিয়ন্ত্রণ করা।’
কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশার কথা জানান এই ভিপি প্রার্থী।
তিনি বলেন, ‘প্রার্থী এবং ভোটারদের মধ্যে চমৎকার সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল, আমরা আশা করি সেটি আগামীকালও অব্যাহত থাকবে।’
‘সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে শহরের শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে ভোট দিতে আসা এবং তাদের ফিরে যেতে পারা। এজন্য যেন প্রশাসন যথার্থ ব্যবস্থা গ্রহণ করে।’
নির্বাচন ঘিরে অনলাইন-অফলাইনে নারী হেনস্তা বেড়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের যে সকল নারীরা সামনের সারিতে ছিলেন, এর অনেকেই নির্বাচনে প্রার্থী হননি। এর অন্যতম কারণ সাইবার বুলিং। আমাদের প্রার্থীরাও এর শিকার হয়েছেন। আমরা বলেছি, কোনো বোন যেন কোনো ধরণের যৌন হয়রানির শিকার না হয়।’
ইব্রাহীম রনি বলেন, ‘আমরা ১২ মাসে ৩৩টি সংস্কার ইশতেহার দিয়েছি, এর মধ্যে ৯টি ফোকাস পয়েন্ট রেখেছি। এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব।’


