রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে ধীরগতির ভোটগ্রহণের কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ভোট দিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের।
বৃহস্পতিবার সকালে ঢাকা-৮ আসনের এই কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন অভিযোগ করেন অপেক্ষমাণ ভোটাররা
সরেজমিনে ভোটকেন্দ্রের ৬ নম্বর মহিলা বুথে দেখা যায়, এক একজন ভোটারকে ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় লাগছে। তবে স্বাভাবিকভাবে এই সময় দুই থেকে তিন মিনিটের বেশি হওয়া উচিত নয়। অন্যদিকে কেন্দ্রের ৩ নম্বর পুরুষ বুথে ভোটগ্রহণে গড়ে সময় লাগছে ১৫-১৬ মিনিট।
অন্যদিকে ৩ নম্বর পুরুষ বুথে পরিস্থিতি আরও ধীরগতির। সেখানে প্রতি ভোটারের ভোট দিতে সময় লাগছে গড়ে ১৫ থেকে ১৬ মিনিট। ফলে সকাল থেকেই বুথের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।
সুফিয়া খাতুন নামে এক ভোটার সকাল ১১টা ১০ মিনিটে ‘টাইমস অব বাংলাদেশ’কে জানান, তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনও কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ভোটারকেই বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।
কেন্দ্রের ৩ নম্বর পুরুষ বুথের ভোটাররা জানান, কেউ কেউ সকাল পৌনে ১০টায় লাইনে দাঁড়িয়েও ১১টা ১৮ মিনিট পর্যন্ত কেন্দ্রে ঢুকতে পারেননি।
আরিফ হাসান নামে এক ভোটার ‘টাইমস অব বাংলাদেশ’কে বলেন, ‘কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রমের গতি অস্বাভাবিক ধীর। এভাবে চলতে থাকলে অনেক ভোটারই ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা করছি।’
এদিকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এইচ এম ইমরান হোসাইন টাইমসকে জানান, ভোটকেন্দ্রে ভিড় বেশি হওয়ায় এবং জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় সময় বেশি লাগছে। তিনি আরও বলেন, দুই-একজন কর্মকর্তা ধীর গতিতে কাজ করায় কিছুটা দেরি হচ্ছে।


