ভূমিকম্পের কারণে দেশের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতির মুখে পড়েছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। যত দ্রুত সম্ভব দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে জানানো হয়, বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট, এবং আশুগঞ্জ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ভূমিকম্পের সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু থাকলেও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।
এছাড়া বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আংশিকভাবে কমানো হয়েছে।
ভূমিকম্পে ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশন থেকেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেখানে আগুন, ইনসুলেটর ভেঙে যাওয়া ও অন্যান্য কারণে অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে বলেও বিবৃতিতে জানানো হয়।


