নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় ৪১ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা ও অনিয়মের অভিযোগে আব্দুল কাদের নামে এক শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার বেলা সাড়ে ১১টায় দিকে জেলা শিক্ষা অফিসের সামনে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌফিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, ইসরাফিল হোসেন তুষার, রানা হামিদ, সেকেন্দার আলী, দুলাল হোসেন মণ্ডল, জনি মণ্ডল ও আনোয়ার হোসেনসহ শতাধিক ব্যক্তি।
বক্তারা বলেন, ‘আব্দুল কাদের দীর্ঘ ৪১ বছর ধরে সনদ জালিয়াতির মাধ্যমে শিক্ষকতার সঙ্গে যুক্ত। পাশাপাশি কাজির কাজ করার কারণে তিনি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, প্রতারণা ও বাল্যবিয়ের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এতে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।’ তারা দ্রুত তদন্ত করে এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জেলা শিক্ষা অফিসার অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন অফিসের প্রধান সহকারী আরমান আনছারী।


