ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল দুইদিন আগেই। কিন্তু ইংলিশ ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় ছাড়পত্র পাননি হামজা চৌধুরী। অবশেষে দুইদিন দেরিতে ভিয়েতনামের হ্যানয়তে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি এই ফুটবলার। সোমবার টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মঙ্গলবার ভিয়েতনাম স্থানীয় সময় বিকেল ৪টায় সেখানে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে বরণ করে নেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলনও করছেন জামাল-মোরসালিনরা। যদিও এই সেশনে হামজার যোগ দেয়ার সম্ভাবনা কম, বিশ্রাম ও ভ্রমণক্লান্তি বিবেচনায়।
২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায় ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবেন হামজারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে হ্যাং ডি স্টেডিয়ামে। এই প্রীতি ম্যাচ খেলে পরদিন সিংগাপুরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। এরপর ৩১ মার্চ সন্ধ্যা ৬টায় সিংগাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে লড়বে এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে।


