সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। রোববার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাওয়া থেকে বাদ না পড়ে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিন কোনো শিশু ক্যাপসুল খেতে না পারলে পরবর্তী তিন দিনের মধ্যে তাকে খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাওয়া থেকে বাদ না পড়ে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিন কোনো শিশু ক্যাপসুল খেতে না পারলে পরবর্তী তিন দিনের মধ্যে তাকে খাওয়ানো হবে।
বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে বলেও জানান তিনি।
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগত মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে ক্যাপসুলগুলো দেশে আনা হয়েছে।
তিনি দাবি করেন, এবারের ক্যাপসুলের মান অত্যন্ত ভালো। একই সঙ্গে শিশুদের অন্ধত্ব, হামসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষায় অভিভাবকদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অধ্যাপক ফোয়ারা তাসমীম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


