কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছোট ভাইসহ বাকি দুই আরোহী। তাদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মোজাহের পাড়ার রাস্তার মাথার আমিনের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মাহবুব আলম (২৫)। তিনি মোজাহের পাড়ার মৃত আবুল কালামের ছেলে। আহতরা হলেন নিহতের ছোট ভাই মো. সাহেদ ও মো. রাসেল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের বাঁকে ঝুঁকিপূর্ণ স্থানে লাকড়ি স্তুপ করে রাখার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এই কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ ও পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
এই ঘটনায় আইনগত পদক্ষেপ শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


