ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ির চেচুয়ার মোড় এলাকার গ্লোবাল সুজ নামের একটি জুতার কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার বিরিয়ানি খাওয়ার পরপরই শ্রমিকদের মধ্যে বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়।
কারখানার সুয়িং ইনচার্জ কামরুল ইসলাম জানান, ইফতারের সময় সিডস্টোর বাজার খান হোটেল থেকে বিরিয়ানি এনে শ্রমিকদের দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অনেককে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অসুস্থ শ্রমিকদের কয়েকজন জানান, খাবার খাওয়ার পর থেকেই তাদের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। এতে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভালুকা সরকারি হাসপাতালে রোগী ভর্তি অব্যাহত ছিল।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


