ভারতের রাজধানী দিল্লির পালাম এলাকার একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয়জন মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন মেয়ে শিশু।
দিল্লি ফায়ার সার্ভিসের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় বুধবার ভোরে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বাসিন্দাদের মধ্যে গুরুতর দগ্ধ ১অ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিন শিশুসহ ছয়জনকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় অন্য হাসপাতালে ভর্তি হওয়া দগ্ধদের মধ্যে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
এ ছাড়া স্থানীয়রা জানান, আগুন থেকে বাঁচতে আতঙ্কিত হয়ে দুইজন ব্যক্তি ভবন থেকে ঝাঁপ দেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টায় একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩০টি ফায়ার টেন্ডার (আগুন নেভানোর সরঞ্জাম সহ গাড়ি) সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাঁচতলা ভবনের ছাদের ওপর একটি টিনের শেড রয়েছে। বেসমেন্ট, নিচতলা এবং প্রথম তলায় কাপড় ও প্রসাধনীর গোডাউন ছিল। দ্বিতীয় ও তৃতীয় তলায় মানুষ বসবাস করছিল।
আবাসিক ভবনে আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, ‘পালামের বহুতল আবাসিক ভবনে এই দুঃখজনক আগুনের ঘটনায় আমি অত্যন্ত চিন্তিত। সভ নিরাপত্তা এবং উদ্ধার কার্যক্রমের দিকে নজর রাখা হচ্ছে।’
অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ নয়জনের মৃত্যুতে উদ্বেগ ও শোক জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারঞ্জিত সিং সান্ধুও। তিনি জানান, হতাহতদের উদ্ধার ও আগুন নেভাতে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।


