ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক বাহিনীর অভিযানে নিহত ১৪

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক বাহিনীর অভিযানে নিহত ১৪
Advertisement
Advertisement

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার জেহরি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ গোষ্ঠীর অন্তত ১৪ সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

শনিবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের ভারতীয় প্রক্সি সংগঠনের সদস্যরা অবস্থান করছিলেন। সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হন। এলাকাজুড়ে এখনো অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছিল। সেনাবাহিনীর এই অভিযান এলাকাটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

এর আগে, বেলুচিস্তানের শেরানি জেলায়ও এক গোয়েন্দা অভিযানে সাতজন ভারতীয়-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়।

আরও পড়ুন

পাকিস্তানের সামরিক গণমাধ্যম ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানায়, অভিযানের সময় তীব্র গোলাগুলিতে সাতজন সন্ত্রাসী নিহত হয়, যারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা ‘ফিতনা আল-খারিজ’ গোষ্ঠীর সদস্য ছিল।

অভিযান শেষে সেনাবাহিনী জানায়, সীমান্তবর্তী এলাকায় এখনো বিচ্ছিন্নভাবে সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে এবং তাদের নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, পাকিস্তানে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে দেশে সামগ্রিক সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে ৩২৯টি সহিংস ঘটনায় মোট ৯০১ জন নিহত ও ৫৯৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫১৬ জন (৫৭ শতাংশ) ছিল সন্ত্রাসী, বাকি ৩৮৫ জনের মধ্যে ২১৯ জন বেসামরিক ও ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

সহিংসতার সবচেয়ে বেশি শিকার হয়েছে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান, যেগুলোর সীমান্ত আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত। সিআরএসএস বলছে, দেশের মোট সহিংস ঘটনার ৯৬ শতাংশই ঘটেছে এই দুই প্রদেশে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad