ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।
এসব অভিযানে একাধিক পরিবহন ও কাউন্টারকে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ‘ইলিশ পরিবহন’ ও ‘যমুনা হাই ডিলাক্স’-কে এই জরিমানা করা হয়। ধোলাইপাড় এলাকায় ৪টি পরিবহনকে ১৩ হাজার টাকা এবং সায়েদাবাদ এলাকায় ৩টি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়।
এ ছাড়া উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২টি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবারও একই এলাকাগুলোতে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ৭ হাজার টাকা, টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে বরিশাল জেলায় একটি অভিযানে ৩ হাজার টাকা এবং খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে অনিয়ম ও যাত্রী হয়রানির বিরুদ্ধে এ ধরনের অভিযান ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।


