ভাওয়াল জাতীয় উদ্যানে ভাগাড় নির্মাণে নিষেধাজ্ঞা

ভাওয়াল জাতীয় উদ্যানে ভাগাড় নির্মাণে নিষেধাজ্ঞা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভাওয়াল জাতীয় উদ্যান ও সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে গাজীপুর সিটি করপোরেশন কতৃর্ক আবর্জনা স্তূপের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে আদালত গাজীপুর সিটি করপোরেশনকে ভাওয়াল জাতীয় উদ্যান ও সংলগ্ন এলাকায় বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা মামলার প্রাথমিক শুনানি শেষে সোমবার, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত রুলও জারি করেছে।

রুলে আদালত গাজীপুর সিটি করপোরেশন কতৃর্ক জাতীয় উদ্যান সংলগ্ন সংরক্ষিত বনভূমি ও ব্যক্তিমালিকানাধীন ভূমিতে অননুমোদিতভাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ এবং জাতীয় উদ্যানের মূল ফটকসহ বিভিন্ন স্থানে ক্রমাগত বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন আইনবহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই উদ্যান ও বনের ক্ষতি সাধন করায় ক্ষতিপূরণ দিতে কেন গাজীপুর সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক; বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বেলার অন্যতম আইনজীবী এস হাসানুল বান্না জানান, দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশন ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকসহ সীমানা প্রাচীর ঘেঁষে বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত বর্জ্য ডাম্পিং করে আসছিল। এসব বর্জ্য একদিকে যেমন উদ্যানের পরিবেশ, প্রতিবেশ ব্যবস্থা, বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল। অন্যদিকে, মহাসড়কে ছড়িয়ে পড়ে জনদুর্ভোগ সৃষ্টি করছিল। ইতিপূর্বে বন অধিদপ্তরের হস্তক্ষেপে ২০২৪ ও ২০২৫ সালে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ফেলা বন্ধ হয়।

সম্প্রতি বন অধিদপ্তরের সকল বাধা উপেক্ষা করে সিটি করপোরেশন পুনরায় বর্জ্য ডাম্পিং শুরু করে এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য উদ্যান সংলগ্ন সংরক্ষিত বনভূমি ও ব্যক্তিমালিকানাধীন ভূমিতে অননুমোদিতভাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের উদ্যোগ নেয়। জাতীয় উদ্যান সংলগ্ন বনভূমিতে এসটিএস নির্মাণ থেকে বিরত থাকতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানালেও বিষয়টি আমলে না নিয়ে গাজীপুর সিটি করপোরেশন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় বেলা ভাওয়াল জাতীয় উদ্যানের পরিবেশ, প্রতিবেশ ব্যবস্থা ও বন্যপ্রাণী সুরক্ষায় মামলাটি দায়ের করে বেলা। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, তাকে সহায়তা করেন আইনজীবী রুমানা শারমিন ও তৌহিদুল আলম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad