ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজ যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ করতে সৌদি আরবে যান। সেখানে তিনি তার একটি লাগেজ হারিয়ে দেশে ফেরেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের ওই হজযাত্রী তার হারিয়ে যাওয়া লাগেজের জন্য আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব হজ যাত্রীর নিজের। এ নিয়ে হজ কাফেলা প্রতিষ্ঠানের কিছু করার নেই।
এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে।


