ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের ভাদুঘর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দারুল নাজাত মহিলা মাদ্রাসার সাত শিক্ষার্থীসহ আটজন দগ্ধ হয়েছে। ছাদে শুকাতে দেওয়া কাপড় বিদ্যুতের তারের ওপর পড়ায় তা তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আহতরা হলেন- নুসরাত (১০), সাদিয়া খাতুন (৬), রওজা আক্তার (১২), আফরিন, তাইবা, জান্নাতুল মাওয়া (৮), উম্মে আইমান (৫) এবং মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা আলেয়া (২২)।
মাদ্রাসা শিক্ষক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বুধবার সন্ধ্যায় মাদ্রাসার চারতলা ভবনের ছাদে শুকাতে দেওয়া কাপড় ভবনঘেঁষা বিদ্যুতের তারের ওপর আটকে যায়। আয়া আলেয়া স্টিলের লম্বা পাইপের সাহায্যে জানালা দিয়ে ওই কাপড় তোলার চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় বিদ্যুতের তারে লাগা আগুনের স্ফুলিঙ্গ ওই ঘরে থাকা শিক্ষার্থীদের গায়ে লাগলে তারাও দগ্ধ হয়।
জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক মো: শাখাওয়াত হোসেন বলেন, ‘মাদ্রাসার আটজন দগ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। এর মধ্যে ছয়জনের উন্নত চিকিৎসা দরকার। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বৃহস্পতিবার সকালে জানান, আটজন দগ্ধ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সাদিয়া আক্তারের শরীরে ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তাইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলেয়ার ১৪ শতাংশ ও আফরিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত চলছে।


