বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব মহানগর জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি পুনর্বহাল করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় সচল করা হলো। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, ২৪-এর জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। বরং দেখা যাচ্ছে, জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন যেমন নিশ্চিত করা হয়নি, তেমনি তাদের নিরাপত্তাও যথাযথভাবে নিশ্চিত করতে ব্যর্থ অভ্যুত্থানের সরকার।
ইতোমধ্যে বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পর্কেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ আমরা এখনো প্রত্যক্ষ করেনি, যা হাজারও শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা।
তাই জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে এবং ঐতিহাসিক এক দফা, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের নিমিত্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম জে এইচ মঞ্জু বলেন, সংগঠনের বৃহত্তর স্বার্থে ও জুলাই বিপ্লবের উদ্দেশ্য পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে পুনরায় এসব কমিটির কার্যক্রম চালু করা হয়েছে।
সভাপতি রিফাত রশীদ বলেন, ‘সারা দেশের কমিটিগুলো খুব শিগগিরই নতুন করে আবার দেওয়া হবে। নতুন কমিটিতে কোনো বিতর্কিতদের স্থান হবেনা। তার আগে আমাদের আগের সকল কমিটিগুলো দিয়ে আজ থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। নেতাকর্মীদের একটু ধৈর্যধারণ করার আহ্বান জানাচ্ছি। জুলাই এখনো শেষ হয়নি।


