আন্তর্জাতিক পর্যটন পুরস্কার ২০২৬ এর ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন আয়োজিত এই পুরস্কার দ্বিতীয়বারের মতো অর্জন করল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থাটি।
রোববার বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি রফিউজ্জামান যৌথভাবে এই পুরস্কার দেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৫টি আধুনিক উড়োজাহাজ নিয়ে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে তিনটি এয়ারবাস এ-৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। সংস্থাটি বাংলাদেশের সব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার পাশাপাশি ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক রুটে যাত্রীসেবা দিয়ে যাচ্ছে।
বিমান সংস্থাটির আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি; ওমানের মাসকাট; কাতারের দোহা; চীনের গুয়াংজু; সিঙ্গাপুর; মালয়েশিয়ার কুয়ালালামপুর; থাইল্যান্ডের ব্যাংকক; মালদ্বীপের মালে এবং ভারতের কলকাতা ও চেন্নাই।
সংস্থার কার্যক্রম আরও শক্তিশালী করা এবং নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে খুব শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বহরে আরও তিনটি সরু কাঠামোর বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত করতে যাচ্ছে।
এছাড়া ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম এবং কুয়েতে নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।
এই স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যক্রমে উৎকর্ষতা, সেবার মান, যাত্রী নিরাপত্তা এবং বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


