ঢাকা-যশোর রুটে আবার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুইটি করে এ রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা জানিয়েছে, এ রুটের যাত্রীদের পরিবহনে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার, বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন প্রথম ফ্লাইটটি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে অবতরণ করবে। একই উড়োজাহাজ সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে বেলা ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দ্বিতীয় ফ্লাইটটি বিকাল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে বিকাল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। পরবর্তীতে সন্ধ্যা ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ঢাকা-যশোর রুটে ইউএস বাংলার সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৫,৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১,৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্স দেশের ভেতরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোরবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ঢাকা-যশোর রুটে আবার ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস বাংলা।
ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হবে।


