ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে ব্যয়ের ওপর ৮০ শতাংশ ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পাশপাশি হাসপাতালগুলোর ১০ শতাংশ বেড ডেঙ্গু রোগীদের জন্য খালি রাখার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এক সভায় এসব নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বেসরকারি হাসপাতালের মালিকরাও সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান।
তিনি বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন দিনের ভেতরে আপনাদের কোন হাসপাতালে কতগুলো বেড আছে এবং কি পরিমাণ সরঞ্জাম রাখা আছে তার একটা হিসাব দিতে হবে।’
এখন পর্যন্ত চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা জাতীয় সমস্যা। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকার নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে আগামী শনিবার থেকে সারাদেশে তিনমাসের সচেতনতা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। বলেন, চিকিৎসকরা সঠিকভাবে যেন এই রোগের চিকিৎসা দিতে পারেন, সে লক্ষ্যে তাদের ‘ডেঙ্গু প্রোটোকলের’ ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
একই সঙ্গে সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে মশার প্রজনন রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন সাখাওয়াত হোসেন।


