ফিফা বিশ্বকাপকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার মোল্লাকান্দি গ্রাম এখন যেন ছোট্ট এক আর্জেন্টিনা। প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গ্রামের প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে টানানো হয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের ছবি, ব্যানার ও ফেস্টুন। সাজসজ্জায় মোড়ানো এই সড়ক দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।

শিবচর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের আশা, এবারের বিশ্বকাপও জিতবে তাদের প্রিয় দল। বিশ্বকাপের আমেজে পুরো গ্রামজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের অনেকেই মোল্লাকান্দিকে এখন মজা করে ‘আর্জেন্টিনা গ্রাম’ বলেও ডাকছেন।
সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রধান সড়কের দুই পাশে আর্জেন্টিনার পতাকার পাশাপাশি শোভা পাচ্ছে দলের তারকা ফুটবলারদের বড় বড় ছবি। বিভিন্ন মোড়ে বাসানো হয়েছে বিলবোর্ড। কেউ হাতে ব্যানার নিয়ে মিছিল করছেন, আবার কেউ প্রিয় দলের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও অংশ নিচ্ছেন এই উন্মাদনায়।
স্থানীয় যুবক রনি বলেন, ‘বিশ্বকাপ ফুটবল আমাদের গ্রামের চিত্রই বদলে দিয়েছে। অনেকেই এখন আমাদের গ্রামকে ‘আর্জেন্টিনা গ্রাম’ নামে চেনে। প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক দেখতে আসছেন।’
আর্জেন্টিনা সমর্থক মো. আল আমিন বলেন, ‘গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে বলে আমরা আশা করছি। প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় এবারের উচ্ছ্বাসও বেশি।’
তবে আর্জেন্টিনা সমর্থকদের এই গ্রামে ব্যতিক্রমও রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের প্রায় সবাই আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত একজনই রয়েছেন।
ব্রাজিল সমর্থক খালিদ হাসান বলেন, ‘এই গ্রামে আমি একমাত্র ব্রাজিল সমর্থক। তবে সবাই মিলেমিশেই খেলা দেখি এবং আনন্দ করি। খেলা নিয়ে কোনো ধরনের বিরূপ আচরণ বা উসকানিমূলক কথা হয় না। এটাই সবচেয়ে ভালো লাগে।’


