দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের প্রতিভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতিভরি দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায়।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত শনিবার রাতে ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। তবে এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে নতুন দাম।
তারও আগে, ২৯ সেপ্টেম্বর ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর স্বর্ণের দাম মোট ৬১ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, আর ১৮ বার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।


