দেখতে দেখতে প্রায় শেষ দিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ইতোমধ্যে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে ছয় দল। বাকি আছে আরো দুই দল, যাদের ভাগ্য নির্ধারিত হবে গ্রুপ পর্ব শেষে, কাউকে আবার তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের ফলাফলের দিকে।
‘এ’ গ্রুপ থেকে টানা তিন জয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের। যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও পাকিস্তানকে হারিয়েছে তারা। বাকি আছে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ। এদিকে এই গ্রুপে নেট রানরেটে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। সেই হিসেবে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান হারলে তারা বাদ পড়বে, একইসাথে টানা দ্বিতীয়বার, সুপার এইটে জায়গা নিশ্চিত হবে যুক্তরাষ্ট্রের।
টানা তিন জয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলংকাও। সোমবার হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এর আগে ওমান ও আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছে টানা দুই জয়। এই গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে জিম্বাবুয়ে। মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারালেই উঠে যাবে পরের রাউন্ডে, একইসাথে বাদ পড়বে অস্ট্রেলিয়া।
৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। যদিও এক ম্যাচ হারায় ইংল্যান্ডের নেট রান রেট কম থাকায় তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে। ডি গ্রুপ থেকে সুপার এইটের দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।


