ফুটবল নিয়ে বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। বিশ্বকাপ এলে সেই উন্মাদনা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। নিজ দেশ বিশ্বকাপে না খেললেও প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখা যায় ভক্তদের।
ব্রাহ্মণবাড়িয়ায় এর আগেও ফুটবলপ্রেমীদের নানা কর্মকাণ্ড আলোচনায় এসেছে। এখানে ব্রাজিলের পতাকার আদলে রঙ করা হয়েছে পুরো বাড়ি, যা পরিচিতি পেয়েছে ‘ব্রাজিল বাড়ি’ নামে। আবার দক্ষিণ কোরিয়ার সমর্থনে তৈরি করা হয়েছিল প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকা। এক ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের ভক্ত হয়ে ৫০০ ফুট দীর্ঘ সৌদি আরবের পতাকাও তৈরি করেছিলেন।
বিশ্বকাপের সেই উন্মাদনায় এবার নতুন সংযোজন ‘ব্রাজিল-চুড়ি’। ব্রাজিলের জাতীয় পতাকার রঙ ও নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে বিশেষ ধরনের চুড়ি।
‘Mystrerious Flame’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে চুড়িগুলোর ছবি প্রকাশ করে বলা হয়েছে, ‘এগুলো ব্রাজিল ফ্যানদের জন্য। কেউ নিতে চাইলে ইনবক্স করুন।’
পেজটির স্বত্বাধিকারী আখাউড়া পৌর এলাকার বাসিন্দা নাহিদা আহমেদ জানান, তিনি নিজেও ব্রাজিলের সমর্থক। বিভিন্ন ধরনের উপহারসামগ্রী তৈরি ও বিক্রি করেন তিনি। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিলের পতাকার আদলে এই বিশেষ চুড়ি তৈরি করেছেন।


