বাম হাতের কড়ে আঙ্গুলের চোটে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি অংশ থেকে ছিটকে গেছেন চট্টগ্রাম রয়্যালসের ওপেনিং ব্যাটার অ্যাডাম রসিংটন। শনিবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে বিনুরা ফার্নান্দোর বলে বাম হাতের ছোট আঙ্গুলে আঘাত পান ইংলিশ উইকেটকিপার ব্যাটার রসিংটন। এই চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
এবারের বিপিএলে টানা তিন ফিফটিতে সর্বোচ্চ ২৫৮ রান করা রসিংটনের চোট ও ছিটকে যাওয়া নিয়ে চট্টগ্রাম রয়্যালস টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘অ্যাডাম রসিংটন, সে আমাদের ওপেনিং ব্যাটার ও উইকেটকিপার। কিন্তু লাস্ট ম্যাচে বিনুরা ফার্নান্দোর বলে বাম হাতের লিটন ফিংগারে একটা চোট পেয়েছে, এরপর বেশ ভালো পেইনের মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে আমরা এক্স-রে করিয়েছি, এরপর দেখলাম সেখানে বেশ ভালো ড্যামেজ হয়েছে। এখানে আগেরও কিছু ইনজুরি রেকর্ড আছে।’
খুব দ্রুত তার বদলি ক্রিকেটার খুঁজে পাওয়ার ব্যাপারেও আশাবাদী নাফিস, ‘আনফরচুনেটনলি তাকে দুই সপ্তাহ রেস্টে থাকতে হচ্ছে। তাকে ফেরত পাঠাচ্ছি আমরা। আশা করছি ওর রিপ্লেসমেন্ট আমরা দ্রুতই খুঁজে পাব। রসিংটনের রিকভারি ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
টুর্নামেন্ট শুরুর এক দিন আগে সরে গিয়েছিল চট্টগ্রামের মূল মালিকপক্ষ। এরপর সেই দলের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাঠের দারুণ পারফরম্যান্সে সেসব উৎরে গেছে দলটি। ৭ ম্যাচে ৫ জয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আছে প্লে অফ খেলার দুয়ারে।


