বস্ত্র ও পাট শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করার তাগিদ দিয়েছেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এত বছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে। এ ছাড়া নৈতিকতা ও সক্ষমতা নিয়েও কাজ করতে হবে।’
সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে বিশ্বে আমাদের প্রতিযোগী মনোভাব, সক্ষমতা ও সুবিধা তুলে ধরতে হবে। সরকারের নির্দেশনার মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, অতিরিক্ত সচিব রায়না আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা,কর্মচারী এবং অধীনস্ত দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


