চট্টগ্রাম বন্দর বিদেশিরা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আপত্তি নেই বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘যদি প্রয়োজন মনে করে সরকার বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে এনসিপির আপত্তি নেই। বন্দর কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না- বরং ভালো ব্যবস্থাপনা হলে দেশই উপকৃত হবে।’
সারজিস আরও বলেন, ‘স্বাধীনতার পর রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রাম বন্দর পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে বন্দরে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। কোন পণ্য নামবে, কোনটি নামবে না- তা সিদ্ধান্ত নিতো নির্দিষ্ট গোষ্ঠী। এতে ঘুষ, বিলম্ব ও পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বহুবার।’
পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে শনিবার রাতে ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের দমন-পীড়ন নিয়ে সারজিস বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি এমন কাজ করেছেন, তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, দেশের রাজনীতি করারও যোগ্য নন।’
সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্য নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বেধে দেয় নি। কৃষক, রিকশাচালক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ সংসদে গেলে সংসদ শূন্য হয়ে যাবে না। বরং মানুষের আসল কষ্টের কথা তারা বলতে পারবে। এতদিন যারা সংসদে গেছেন, তারা সাধারণ মানুষের কষ্ট ভুলে গেছেন। তাই সাধারণ শ্রেণির প্রতিনিধিত্ব জরুরি।’


