চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর সহযোগিতায় শেষবারের মতো মায়ের মরদেহ দেখতে পেরেছেন ভারতের নাগরিক এক নারী।
বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলা জমিনপুর গ্রামের তারা বানু (৭৫) বার্ধ্যক্যজনিত কারণে সোমবার মারা যান। তার মেয়ে মালেকা বেগম ভারতের নাগরিক।
তিনি পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়া থানার দুশতদীঘি গ্রামের বাসিন্দা।
মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তারা বানুকে দেখার আকুতি নিয়ে হাজির হন সীমান্তে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় দুই দেশের কাঁটাতারের বেড়া।
এমন পরিস্থিতিতে ভারতে অবস্থানরত তারা বানুর অন্য আত্মীয়রাও তার মরদেহ দেখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আবেদন করে।
পরে মানবিক দিক বিবেচনায় ও বিএসএফ-এর অনুরোধে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন ভারতীয় নাগরিক মালেকা বেগম ও তার আত্মীয়দের সীমান্তে প্রবেশের অনুমতি দেয়।
তবে তারা বানুর দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত পুরো সময় বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বানুর মেয়ে ও অন্য আত্মীয়দের কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি আমরা সবসময় মানবিক বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি। বিজিবি যে কোন মানবিক কাজে সহানুভূতিশীল থাকবে।’


