ভোটের বেসরকারি ফলে দুই তৃতীয়াংশ আসন নিয়ে জয় নিশ্চিত করলেও কর্মীদের বিজয় মিছিল না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। এর পরিবর্তে শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়।
এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় এই কর্মসূচি দিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না।
সেইসঙ্গে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
মসজিদের পাশাপাশি সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্যও অনুরোধ করেছে বিএনপি।


