রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানগাড়ির ধাক্কায় জুনায়েদ নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত জুনায়েদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন পাটওয়ারীর হাট গ্রামের জামির হোসেনের ছেলে। পরিবারসহ সে কাজলারপাড় নতুন রাস্তা এলকায় ভাড়া বাসায় থাকত।
জুনায়েদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রুহুল আমিন জানান, নতুন রাস্তায় বাসা থেকে হঠাৎ দৌড়ে রাস্তায় বের হয় শিশুটি। তখনই ভাঙারি মালামাল বোঝাই ব্যাটারিচালিত একটি ভ্যানের নিচে পড়ে যায়। ভ্যানের চাকা তার ওপর দিয়ে উঠে গেলে গুরুতর আহত হয় সে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


