দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের মধ্যেই নতুন করে আলোচনায় আসে তার ব্যক্তিগত জীবন। বিশেষ করে অভিনেত্রী তৃষা কৃষনানের নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা জল্পনা।
বিজয়ের জন্মদিনে তৃষার পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা না আসায় এবং তাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন—এমন দাবি সামনে আসার পর তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অনেকেই ধারণা করেন, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
তবে সেই জল্পনার অবসান ঘটান তৃষা নিজেই। জন্মদিনের পরদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ের জন্মদিন উদযাপনে তার পাশে রয়েছেন তৃষা। কেক কাটার সেই মুহূর্তে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।
ছবির ক্যাপশনে তৃষা লেখেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’ সঙ্গে ছিল একটি হৃদয়ের ইমোজি।
পোস্টটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভক্তরা ছবিটি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া জানান এবং বিজয়-তৃষাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে, বিজয়কে ইনস্টাগ্রামে আনফলো করার খবরটিও পরে ভিত্তিহীন বলে জানা যায়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃষা কখনোই বিজয়কে ফলো করতেন না।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন বিজয়। সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এর মধ্যেই তৃষার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে আলোচনা চলছিল। নতুন এই ছবি সেই আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে।


