চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও ট্রাক্টর দিয়ে ফসলি জমি চষে সনাতন ধর্মাবলম্বী একটি পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল বহিরাগত যুবক।
তবে গ্রামবাসীদের তীব্র প্রতিরোধে ওই চক্রের ১৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, সকালে পাঁচটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর নিয়ে একদল যুবক বাঁশবাড়িয়া গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন একটি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তারা পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ট্রাক্টর দিয়ে ভুক্তভোগী পরিবারের প্রায় দুই বিঘা জমির ফলন্ত কাঁচা মরিচ গাছসহ পুরো খেত চষে নষ্ট করে দেয়।
এই তাণ্ডব দেখে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা একজোট হয়ে এগিয়ে আসেন। তারা ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ওই চক্রের ১৩ জনকে আটকে রেখে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের কাস্টডিতে নেয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। গ্রামবাসীদের হাতে আটক ১৩ জনকে থানায় নেওয়া হয়েছে এবং তাদের ব্যবহৃত ৫টি মোটরসাইকেল ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জমি দখল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


