বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোটায় এসেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি বন্ধ করতে পেরেছি এটা বলবো না, তবে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যে, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোটায় নিয়ে এসেছি। মিথ্যা মামলার অপসংস্কৃতি প্রায় কমিয়ে এনেছি। আমরা এই অবস্থানকে সামনের দিকে নিয়ে যেতে চাই ‘
বুধবার ঢাকা ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ক্লাবের শ্যামসন এইচ চৌধুরী সেন্টারে এর আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা।
আইনমন্ত্রী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে চাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের মানবাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন নিশ্চিত করার যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, তা যেন পালন করতে পারি, সেই দোয়া চাই।’
তিনি বলেন, ‘আমাদের সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা এবং নিষ্ঠা নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতির দর্শন যেটাই হোক না কেন, আমরা মনে করব, দিন শেষে আমরা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছি।’
ডুলার সভাপতি শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুলার সদস্য এ বি এম ওয়ালিউর রহমান খান, সালাউদ্দিন দোলন, সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতি ও ডুলার সদস্যরা উপস্থিত ছিলেন।


