জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন নিলুফা (৩২), হাওয়া বেগম (৩০), চাঁন মিয়া ওরফে কালাচাঁন (৫০), সুমন মিয়া (৩৯) ও নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব (৩৯)। এদের মধ্যে সুমন মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং বিপ্লব সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী আহমাদুল কবির সাকিল ও নুসরাত জেরিন জেনী জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ। তারা শহরের আমলাপাড়ার একটি ভাড়া বাসায় থাকেন।
গত ৩০ জুন বিকেলে বিচারক সাকিল তার স্ত্রীকে এগিয়ে দিতে যান। রাত ৮টায় বাসায় ফিরে দেখেন, শয়নকক্ষের জানালার গ্রিল কাটা। চোরেরা আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও হীরার আংটিসহ ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকার মালামাল নিয়ে গেছে। পরদিন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. ছরওয়ার জাহান সিদ্দিকী বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন।
বৃহস্পতিবার রাতে ওই ভবনের গৃহকর্মী নিলুফাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে বিচারকের বাসার গৃহকর্মী হাওয়া বেগম ও পরে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গৃহকর্মী নিলুফা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন বলেন, ‘গ্রেপ্তাররা গত কমিটির নেতা। তারা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেউ নন।’


