ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক, কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের বিরুদ্ধে আদালতে মামলা করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি এ মামলার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন জানান, এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।
মামলায় অভিযোগে জানানো হয়, শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। এই সুযোগে কিছু ব্যক্তি ১৯ ডিসেম্বর রাতে পতিত ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ঢাকার কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আক্রমন করলে এক দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
এই সুযোগকে কাজে লাগিয়ে আসামিরাসহ একটি সুযোগসন্ধানী মহল মাহমুদুর রহমান ও তার পত্রিকা আমার দেশ এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ছাড়া অবৈধ পন্থায় স্বার্থ হাসিলসহ তার সামাজিক মান সম্মান হানির কর্মকাণ্ডে লিপ্ত হয়।
এরই পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকা ও সম্পাদককে জড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমনের অংশীদার হিসাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উসকানিমূলক, প্ররোচণামূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করে। মারুফ মল্লিকের সঙ্গে যোগসাজশ ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থন করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।
কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে অবস্থানকালে বাদী (মাহমুদুর রহমান) আসামিদের ফেসবুক পোস্ট দুটি সম্পর্কে জানতে পেরে রোববার দুই জনের বিরুদ্ধে মামলা করেন ।


