রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে নৌ পরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে গঠিত এ তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।
এ তদন্ত কমিটি সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট (সংযুক্ত) করতে পারবে।
তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


