বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার একটি রাবার বাগান থেকে অস্ত্রের ভয় দেখিয়ে তিন শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। আবীর রাবার বাগানে মঙ্গলবার রাত দেড়টার দিকে অপহরণের এই ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) এবং হাসান (২০)। তাদের বাড়ি পার্শ্ববর্তী কক্সবাজারের টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকায়।
আবীর রাবার বাগানের স্বত্ত্বাধিকারী ও বাইশারী ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি আবদুল করিম বান্টু জানান, রাত ২টার দিকে বাগানের টেপার (রাবার কষ সংগ্রহকারী) নুরুল ইসলাম অপহরণের তথ্য তাকে জানায়।
বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টদের অবহিত করা হয় বলেও জানান তিনি।
বাগানের টেপার নুরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে বাগানের স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়ে। এ সময় বাগানে নারী ও শিশুসহ ১৩ জন ছিলেন। সন্ত্রাসীরা তাদের মধ্যে থেকে তিন যুবককে অজ্ঞাত জায়গায় তুলে নিয়ে যায়। সন্ত্রাসীরা এ সময় পাঁচটি মোবাইল, দুটি দা ও তিনটি টর্চলাইটও নিয়ে যায়।
নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ‘অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। বেশি দূরে যাতে অপহৃতদের নিয়ে যেতে না পারে, আমরা সেটাকে আগে গুরুত্ব দিচ্ছি।’
কারা এবং কোন উদ্দেশ্যে এই অপহরণ করেছে, বিষয়টি এখনও জানা যায়নি। তদন্ত চলছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, গত বছরও এই এলাকা থেকে দু’দফায় তামাক শ্রমিক ও সবজি বাগানের শ্রমিকদের অপহরণ করা হয় এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছাড়িয়ে আনা হয়।


