প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাকে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন। জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দারের গ্রামের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার নৈকাঠিতে। তিনি বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবনে পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন ব্যক্তিত্ব হিসেবে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার পঁয়ত্রিশটি দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে ত্রিশ বছর কাজ করেছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে স্নাতক পর্যায়ে পড়াশোনা শেষে ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারি বিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন জিয়া হায়দার। ঢাকা কলেজ ছাত্রদলের প্রথম কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়া হায়দার আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।


