বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর পর্যটক মো. সোহানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডুবুরি দল নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে মরদেহটি উদ্ধার করে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
নিহত সোহান রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সোহান তার বন্ধু শাকিলকে নিয়ে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদাপাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। দুপুরে রিসোর্ট সংলগ্ন মাতামুহুরী নদীতে গোসলে নামলে সোহান তলিয়ে যান, তবে শাকিল সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
শাকিল বলেন, ‘আমরা একসঙ্গে নদীতে নামি। হঠাৎ স্রোতের টানে সোহান তলিয়ে যায়। আমি রিসোর্টে গিয়ে খবর দিই, পরে ফায়ার সার্ভিস আসে।’
লামা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, ‘খবর পেয়ে অভিযান শুরু করি। টানা ২২ ঘণ্টা পর ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।’
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


