বান্দরবানের লামার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পরও খোঁজ পাওয়া যায়নি ঢাকার পর্যটক মো. সোহানের (২৭)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় পয়েন্টে অপর বন্ধু মোহাম্মদ শাকিলের সঙ্গে মাতামুহুরী নদীতে নামেন।
এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় অপর বন্ধু সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও স্রোতে ভেসে যান সোহান।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, তারা দুই বন্ধু ঢাকা থেকে বেড়াতে এসে স্থানীয় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। দুপুরে গোসল করতে নেমে তাদের মধ্যে সোহান নামে একজন নিখোঁজ হয়ে যান। সোহানের বাড়িতে খবর দেয়া হয়েছে।
নিখোঁজ সোহানকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশী চালাচ্ছেন।


