বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যে মোদিকে ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন ট্রাম্প

বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যে মোদিকে ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন ট্রাম্প
বুধবার জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

বাণিজ্যিক উত্তেজনা, তেল নিষেধাজ্ঞা এবং সম্প্রতি মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বস্ত বন্ধু’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে এই চিত্র উঠে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

হরমুজ প্রণালি দিয়ে যাওয়া তেলের চালানের ওপর মার্কিন অবরোধ চলাকালীন ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর দুই নেতা বৈঠকে বসেন। ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রিত অতিথি হিসেবে জি-৭ সম্মেলনে যোগ দেন মোদি। এদিন দুই নেতার বৈঠকের সময় যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যেকোনো ধরনের সমস্যার কথা উড়িয়ে দিয়ে ট্রাম্প বারবার মোদির প্রশংসা করেন।

মোদির হাত চেপে ধরে ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক সবচেয়ে চমৎকার। আমরা এর চেয়ে আর বেশি কাছাকাছি আসতে পারতাম না। আপনি কি তাই বলবেন, স্যার?’

‘আমাদের দুজনের ব্যক্তিগত খাতিরের কারণেই আজ আমাদের দুই দেশ এতটা আপন হতে পেরেছে।’

আরও পড়ুন

বৈঠকে মোদি সরাসরি ওমান উপসাগরের সামরিক হামলার বিষয়টি উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিসহ বিশ্বজুড়ে লাখো ভারতীয় বাণিজ্যিক জাহাজে কাজ করছেন, তাই তাদের নিরাপত্তা ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ‘এই সমঝোতা এবং চুক্তিতে পৌঁছানোর জন্য আপনি অসাধারণ প্রচেষ্টা চালিয়েছেন। আমি নিশ্চিত যে এই চুক্তি বাস্তবায়নের সময় ভারতীয় নাবিকদের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

হামলায় নিহত নাবিকদের পরিবারের প্রতি কোনো সমবেদনা জানাবেন কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি দুঃখ প্রকাশ না করে বলেন, ‘এটি একটি কঠিন পেশা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা এই বিষয়ে একসঙ্গে কাজ করছি।’

‘আমরা ওই সমস্ত মানুষদের ভালোবাসি। তারা অসাধারণ’, যোগ করেন তিনি।

২০২০ সালে ভারত সফরের সময় মোদি তার সম্মানে আহমেদাবাদে বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন। এর আগে টেক্সাসের হিউস্টনে মোদির ‘হাউডি মোদি’ সমাবেশেও ট্রাম্প যোগ দিয়েছিলেন।

তবে বর্তমানে ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য সংক্রান্ত বিরোধের কারণে দুই দেশের সম্পর্ক কিছুটা জটিল রূপ নিয়েছে। বিশেষ করে রাশিয়ার কাছ থেকে নয়াদিল্লির ধারাবাহিক তেল কেনার কারণে গত বছর ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করেছিল।

অবশ্য দুই দেশ বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে এবং একটি বৃহত্তর চুক্তি নিয়ে আলোচনা চলছে। এদিন ট্রাম্প বলেন, নতুন চুক্তিটি ‘খুবই সন্নিকটে’।

একই সঙ্গে মোদিকে বাণিজ্যের ক্ষেত্রে একজন ‘ভীতিজাগানিয়া’ ও কঠোর আলোচক হিসেবে বর্ণনা করে ট্রাম্প রসিকতার সুরে বলেন, ‘তিনি দেখতে অত্যন্ত সুন্দর একজন মানুষ। তাকে খুব চমৎকার দেখায়, একদম দেবদূতের মতো। কিন্তু বাস্তবে তিনি অত্যন্ত কঠোর দরকষাকষিকারী।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad