ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জীবনে প্রথমবারের মতো ভোট দিলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন নাহিদ।
ভোট শেষে কেন্দ্র থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা। ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালটের মাধ্যমে দেশের ‘মালিকানা পুনরুদ্ধারের’ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি দেশবাসীকে বলতে চাই- ভয়ভীতি ছাড়া, উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে আসুন।’
ভোটের এই দিনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর ভোটাররা এখন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, যখন বিশ্বাসযোগ্য নির্বাচন থেকে দেশ বঞ্চিত ছিল।’
তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে চলমান সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করার এবং ১১-দলীয় জোটকে সমর্থন করে ‘বাংলাদেশকে এগিয়ে নেওয়ার’ আহ্বান জানান।
নাহিদ আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র পাহারা দেবে দলের নেতাকর্মীরা। ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত তারা কেন্দ্রেই অবস্থান করবেন।
নাহিদ বলেন, ‘এবার প্রচুর বিদেশি পর্যবেক্ষক এসেছেন। মিডিয়া ও সাংবাদিকরাও সবসময় আছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটিই চাই।’


