মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানের গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার সকালে রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ির উঠান থেকে আরিফ নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ খালিয়া গাঙ্গুলিবাড়ির মৃত সাহেব আলী শেখের বড় ছেলে। পেশায় তিনি একজন মাইক্রোবাস চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে উঠানের একটি গাছে আরিফের মরদেহ ঝুলতে দেখা যায়। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে তার মরদেহ নামানো হয়।
পারিবারিক কলহের জেরেই আরিফ আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবার ও এলাকাবাসীর।
আরিফের ছেলে আরাফাত শেখ জানান, আরিফ প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেন এবং পরে তিনি কনা বেগম নামে আরেকজনকে বিয়ে করায় তার মা অন্যত্র চলে যান। এরপর থেকে আরাফাতের ভরণ-পোষণ নিয়ে বর্তমান স্ত্রীর সঙ্গে আরাফাতের ঝামেলা লেগেই থাকতো। এর জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
আরিফ এই ঘটনার বিচার দাবি করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।


